বিদেশির হাতে যাচ্ছে আলিফের দুই প্রতিষ্ঠান, প্রক্রিয়া শুরু

  29-04-2026 12:02PM

পিএনএস ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (এএলআইএফ) এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এআইএল) পরিচালনা পর্ষদ কোম্পানির কৌশলগত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান জেআইটি ইন্টারন্যাশনাল ইনকরপোরেটেডের কাছে হস্তান্তরের প্রস্তাব অনুমোদন করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার (২৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, জেআইটি ইন্টারন্যাশনাল ইনকরপোরেটেড আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের কৌশলগত নিয়ন্ত্রণ গ্রহণ করবে, যা প্রযোজ্য আইন, বিধি-বিধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের ওপর নির্ভরশীল। এ লক্ষ্যে কোম্পানির পরিচালক মো. আজিমুল ইসলামকে অধিগ্রহণ প্রক্রিয়া শুরু ও আনুষ্ঠানিকতার দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সভায় কোম্পানির পরিচালনা পর্ষদে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। মির হাসান আলীকে চেয়ারম্যান এবং জিয়াউল আবেদিনকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি এ দুজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া মো. তুহিন রেজাকে তাৎক্ষণিকভাবে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সিইওকে নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে প্রস্তাবিত লেনদেন যথাযথভাবে বাস্তবায়ন করা যায়।

পর্ষদ কোম্পানির ব্যবস্থাপনাকে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং সব ধরনের আইনগত, নিয়ন্ত্রক ও কর্পোরেট শর্ত পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন