পিএনএস ডেস্ক: এইচ-১বি ভিসার জন্য এক লাখ ডলার ফি নির্ধারণ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এ নিয়ম অবৈধ ঘোষণা করেছেন দেশটির একটি আদালত।
আদালত বলেছেন, বিদেশি বিশেষজ্ঞ কর্মীদের আনার জন্য মার্কিন কোম্পানিগুলো এই ভিসা ব্যবহার করে থাকে। যা দীর্ঘদিন ধরে চলছে। এই প্রক্রিয়ায় নতুন নিয়ম আরোপ করার কোনো এখতিয়ার ট্রাম্পের নেই।
ডিস্ট্রিক আদালতের বিচারক লিও সোরোকিন বলেছেন, কেন্দ্রীয় অভিবাসন নীতিতে এ ধরনের নিয়ম অন্তর্ভুক্ত করার এখতিয়ার শুধুমাত্র কংগ্রেসের আছে।
তিনি এই ফি-কে ট্যাক্স হিসেবে উল্লেখ করে বলেছেন, “এইচ-১ বি ভিসায় কোনো ট্যাক্স আরোপের কোনো ক্ষমতা প্রেসিডেন্টের নেই।”
বিচারক লিও সোরোকিনকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি স্থানীয় সময় সোমবার (৮ জুন) ৪২ পৃষ্ঠার রায়ে এমন রায় দেন।
ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল, এইচ-১ বি ভিসা মার্কিন কোম্পানিগুলো প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করছিল। এ কারণে অন্য দেশ থেকে বিশেষজ্ঞ কর্মী বেশি আসছিল। যার ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ওইসব ক্ষেত্রে চাকরি পাচ্ছিলেন না। তাই তিনি এই ভিসার ওপর এক লাখ ডলার আরোপ করেছিলেন।
গত বছর ট্রাম্প এমন সিদ্ধান্ত নেওয়ার পর গত ডিসেম্বরে বিষয়টি নিয়ে আদালতে যায় ডেমোক্র্যাটিক স্টেটগুলোর অ্যাটোর্নি জেনারেলরা।
এইচ-১ বি ভিসার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের বিশেষ ক্ষেত্রগুলোতে কাজ করার আবেদন করতে পারতেন। এ ভিসার জন্য নূনতম ব্যাচেলর বা সমমান ডিগ্রির প্রয়োজনীয়তা ছিল।
এই ভিসার মেয়াদ তিন বছর। এরপর এটি আরও তিন বছরের জন্য বৃদ্ধি করা যায়।
সূত্র: সিএনএন
পিএনএস/এমএইউ
ট্রাম্পের আরোপ করা ভিসা ফি অবৈধ ঘোষণা আদালতের
09-06-2026 10:57AM

