মোসাদ্দেক নৈপুণ্যে অজিদের বিপক্ষে টাইগারদের সংগ্রহ ২৮৪ রান

  09-06-2026 03:38PM

পিএনএস ডেস্ক: চার বছর পর ওয়ানডে দলে ফিরেই অপরাজিত ৮৬ রানের ইনিংস খেললেন মোসাদ্দেক হোসেন সৈকত। টাইগার অলরাউন্ডারের ব্যাটে চড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৮৪ রানে থেমেছে টাইগাররা।

মিরপুরে আজ মঙ্গলবার (৯ জুন) সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক জশ ইংলিশ। সেখানে ব্যাটিংয়ে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ব্যাট হাতে ওয়ানডেতে আরও একবার ব‍্যর্থ সাইফ হাসান। ইনিংসের দ্বিতীয় ওভারে স্লিপে থাকা মারনাস লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে স্রেফ ৫ রান করে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার।

তবে নাজমুল হোসেন শান্তকে নিয়ে শুরুর সেই চাপ বেশ ভালোভাবেই সামলে নেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। দুজনে গড়েন ইনিংসের সর্বোচ্চ ৯৬ রানের জুটি। ওয়ানডে ক্যারিয়ারে সপ্তম হাফ সেঞ্চুরি তুলে তানজিদ ফেরেন ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করে।

পরে ১৫ রানের ব্যবধানে ফেরেন লিটন ও শান্ত। ৭ রান করে লিটন দ্রুত ফিরলেও আশা দেখাচ্ছিলেন শান্ত। তবে দলীয় ১৪০ রানের মাথায় কুপার কনোলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ইন-ফর্ম ব্যাটার। ৮৬ বলে তার ব্যাট থেকে আসে ৬৭ রান।

সেখান থেকে ইনিংসের বাকি অর্ধে স্বাগতিকদের হয়ে চালকের আসনে ছিলেন ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন। অন্যপ্রান্তে উইকেট হারানো মিছিলে থাকলেও অন্য প্রান্ত সামলে শেষ পর্যন্ত অপরাজিত থাকা মোসাদ্দেক করেন ৭০ বলে নিজের ক্যারিয়ার সেরা ৮৬ রান। সেখান ৭ চারের পাশাপাশি হাঁকান ৩টি ছক্কা।

শেষ ১০ ওভারে স্কোরবোর্ডে ৭০ রান যোগ করেছে স্বাগতিকরা। অজিদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাথান এলিস।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন