নিজের স্ত্রীসহ একাধিক নারীর নগ্ন ছবি ধারণ, যুবক গ্রেপ্তার

  09-06-2026 11:07PM

পিএনএস ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীদের ফাঁদে ফেলে নগ্ন ছবি ও ভিডিও ধারণের পর তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৮ জুন) টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নওগাঁর ধামইরহাট থানা পুলিশ।

​গ্রেপ্তার আলিফ হোসেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চরবিরসিংহ এলাকার বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি নওগাঁর ধামইরহাট উপজেলার এক তরুণীর নগ্ন ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ মামলা রুজু করে। পরে বিষয়টি আমলে নিয়ে পুলিশ সুপারের নির্দেশনায় তদন্তে নামেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি এবং সাইবার অ্যানালাইসিস ব্যবহার করে অভিযুক্ত আলিফের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। এরপর পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে টাঙ্গাইলের গোপালপুর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​এদিকে গ্রেপ্তারের পর আলিফের ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে পুলিশ। এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রাথমিক তল্লাশিতে মোবাইলটিতে ধামইরহাটের ওই তরুণী ছাড়াও আরও তিন মেয়ের আপত্তিকর ভিডিও এবং ছবি পাওয়া গেছে। এমনকি নিজের স্ত্রীর নগ্ন ভিডিও তিনি মোবাইলে সংরক্ষণ করে রেখেছিলেন।

​পুলিশি জিজ্ঞাসাবাদে আলিফ স্বীকার করেছেন যে, তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে মেয়েদের সঙ্গে প্রথমে সখ্যতা গড়ে তুলতেন। এরপর কৌশলে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে তা মোবাইলে জমিয়ে রাখতেন। পরবর্তীতে এসব ছবি দিয়ে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল বা জিম্মি করে বিভিন্ন ফায়দা নেওয়ার চেষ্টা করতেন তিনি। মূলত এই ঘৃণ্য অপরাধের মাধ্যমে তিনি এক ধরনের বিকৃত আনন্দ পেতেন।

গ্রেপ্তার আসামিকে ইতোমধ্যেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন