লন্ডনে সৌদি যুবরাজের মৃত্যু, তদন্তে মিলল প্রাণঘাতী মাদক

  24-07-2026 04:12PM

পিএনএস ডেস্ক : অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনেই লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ আল সৌদের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ময়নাতদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আদালতের রায়ে এই ঘটনাকে আত্মহত্যা নয়, বরং মাদক ও অ্যালকোহলের সম্মিলিত প্রভাবে হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করে ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে ঘোষণা করা হয়।

২০২৫ সালের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনের ম্যারিয়ট হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যুর সময় প্রতি ১০০ মিলিলিটার রক্তে ২২২ মিলিগ্রাম অ্যালকোহল ছাড়াও ময়নাতদন্তে তার শরীরে গামা-হাইড্রোক্সিবিউটিরেট (জিএইচবি), গাঁজা, জ্যানাক্স (অ্যালপ্রাজোলাম) ও অন্যান্য মাদকের উপস্থিতির উল্লেখ পাওয়া গেছে।

দীর্ঘদিন ধরে মাদকাসক্ত থাকায় যুবরাজ লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাও নিয়েছিলেন তিনি।

হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মৃত্যুর আগের সন্ধ্যায় তিনি একাই ছিলেন এবং শেষবার সিগারেট খেতে কক্ষের বাইরে বের হন।

পরে এক পরিচ্ছন্নতাকর্মী তাকে বাথরুমের মেঝেতে অচেতন অবস্থায় দেখতে পান। চিকিৎসাকর্মীরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

যুবরাজ আবদুল্লাহ বিন ফাহাদ সৌদি বাদশাহ সালমানের প্রপিতামহের বংশধর ছিলেন।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন