ময়মনসিংহ ডিসি অফিসে বিএনপির দুই নেতার মারামারি

  08-06-2026 11:12AM

পিএনএস ডেস্ক: ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে দুই বিএনপি নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভাঙচুর হয়েছে একটি ফুলের টব। এতে আহত হন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী জনি (৩০)। এ ঘটনায় জেলা প্রশাসন ও সাধারণ মানুষ মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

রবিবার (৭ জুন) বিকাল সাড়ে ৫টার ডিসি অফিসের দু’তলার বারান্দায় এই মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হচ্ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির বহিস্কৃত সদস্য সচিব হাফেজ আজিজুল হক। একই সময়ে ডিসির কক্ষে প্রবেশ করছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। এতে দুজন মুখোমুখি হলে হাফেজ আজিজুলকে ‘বহিস্কৃত এবং ‘দালাল’ বলে গালি দেন তোফাজ্জল।

এ ঘটনায় পাল্টা প্রতিক্রিয়ায় ‘তুই দালাল, তর বাপ দালাল’ বলে তোফাজ্জলকে গালি দেন হাফিজ আজিজুল। এ সময় দুজনের মধ্যে হাতাহাতি এবং চরথাপ্পড়ের ঘটনা ঘটে। এ সময় হাফিজ আজিজুল ডিসির বারান্দায় থাকা ফুলের টব দিয়ে তোফাজ্জলকে আঘাতের চেষ্টা করেন।

এতে ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ডিসির বডিগার্ড (পুলিশ সদস্য) মো. জাকির হোসেন, অফিস সহকারী জনিসহ উপস্থিত অন্যান্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এতে অফিস সহকারী জনি (৩০) হাতে আঘাতপ্রাপ্ত হন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে হাফিজ আজিজুল হক এবং তোফাজ্জল হোসেন দুজনেই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বলেন, হঠাৎ এ ঘটনার সূত্রপাতে আমিসহ উপস্থিত অন্যরাও বিব্রত। এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীলদের কাছে কাম্য নয়।

এদিকে দুই বিএনপি নেতার এ ধরনের কাণ্ডে বিব্রত বিএনপি নেতারাও। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তির দাবি জানান।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন