ব্যক্তি পর্যায়ে ঋণের মেয়াদ বেড়ে হলো ৮ বছর

  26-06-2026 08:58PM

পিএনএস ডেস্ক : খুচরা ঋণ বৃদ্ধি ও সাধারণ গ্রাহকদের ঋণ প্রাপ্তি সহজ করতে ব্যক্তিগত ঋণ পরিশোধের সময় আগের থেকে আরও ৩ বছর বাড়ানো হয়েছে। আগে যা ৫ বছর ছিল তা বাড়িয়ে বর্তমানে ৮ বছর করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের দেওয়া এক প্রজ্ঞাপনে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।

আগে ভোক্তা ঋণের প্রবৃদ্ধি ব্যাংকের সামগ্রিক ঋণ প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে কারণ ব্যাখ্যা করতে হতো। প্রজ্ঞাপনে এই বিধিনিষেধও প্রত্যাহার করা হয়েছে।

গত মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক বিদ্যমান বাজারমূল্য ও ভোক্তা পণ্যের ক্রমবর্ধমান চাহিদাকে বিবেচনায় নিয়ে ভোক্তা ঋণের পরিমাণে পরিবর্তন আনে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকগুলো ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। তবে ব্যাংকের জমা থাকা টাকার বিপরীতে দেওয়া ঋণ এই সীমার বাইরে থাকবে। আগে ব্যাংকগুলো ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারত।

এদিকে দেশি অটোমোবাইল শিল্পের বিকাশের স্বার্থে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত অটো লোন (গাড়ি ঋণ) দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে জীবাশ্ম জ্বালানির গাড়ি কেনায় সর্বোচ্চ ৬০ লাখ টাকা ঋণ পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে এ বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত মাসে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার বিষয়ে নিদের্শনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এখন সেটির সঙ্গে দেশের অভ্যন্তরে উৎপাদিত গাড়িও যুক্ত করা হয়েছে।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন