জুলাইয়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

  30-06-2026 06:49PM

পিএনএস ডেস্ক : আগামী জুলাই মাসের জন্য দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মঙ্গলবার (৩০ জুন) এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে। ফলে নতুন মাসে গ্রাহকদের বাড়তি দামে তেল কিনতে হবে না।

জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে বহাল থাকবে।

সেই অনুযায়ী, জুলাই মাসজুড়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা দরে বিক্রি হবে। এর আগে গত ৩১ মে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে এই মূল্য নির্ধারণ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতি, তেলের বৈশ্বিক দর এবং অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই দাম জুলাই মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে এবং তা আগামীকাল বুধবার থেকেই কার্যকর হবে।

উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে জ্বালানি তেলের দাম নিয়মিত সমন্বয় করতে গত বছরের মার্চ মাস থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার। এই নিয়মে প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করা হয়।

বর্তমানে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নির্ধারণ করলেও, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম প্রতি মাসে নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭২ লাখ টন। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডিজেল, যা মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশ। এই ডিজেল মূলত দেশের কৃষি সেচ, গণপরিবহন ও কলকারখানার জেনারেটরে ব্যবহৃত হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন ও কেরোসিনসহ অন্যান্য জ্বালানি তেল দিয়ে।

তেলের দাম অপরিবর্তিত থাকায় পরিবহন ও কৃষি খাতে স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন