আর্জেন্টিনা নিয়ে পরীমনির উচ্ছ্বাস, জানালেন মেসির প্রতি ভালোবাসা

  15-06-2026 10:58PM

পিএনএস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ এলেই যেন নতুন করে প্রাণ ফিরে পান চিত্রনায়িকা পরীমনি। মাঠের খেলা থেকে শুরু করে প্রিয় দলকে নিয়ে উচ্ছ্বাস-সবকিছুতেই সরব থাকেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। আর্জেন্টিনাকে ঘিরে নিজের আবেগ-ভালোবাসার প্রকাশ ঘটিয়ে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী।

গতকাল (১৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমনি। সেখানে দেখা যায়, শাড়ি ও গহনায় সজ্জিত অভিনেত্রী সেলফি ভিডিও ধারণ করছেন। তার পেছনে থাকা অসংখ্য মানুষ একসঙ্গে ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ বলে স্লোগান দিচ্ছেন। সমর্থকদের সেই উচ্ছ্বাসে সাড়া দিয়ে পরীমণিও ‘উড়ন্ত চুমু’ ছুড়ে দেন।

ভিডিওটি প্রকাশের পর অল্প সময়েই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ২২ ঘণ্টার মধ্যে এতে ১ লাখ ৯ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং সাড়ে ৩ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। অনেকেই আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি পরীমণির অকৃত্রিম ভালোবাসার প্রশংসা করেছেন।

বর্তমানে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে আছে সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। সেই উন্মাদনার অংশ হিসেবেই নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে যাচ্ছেন পরীমনি। ছোটবেলা থেকেই তিনি আকাশি-সাদা জার্সিধারীদের ভক্ত। একইসঙ্গে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির একজন নিবেদিত সমর্থকও।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।’

মেসিকে ঘিরে তার আবেগ কতটা গভীর, সেটিও খোলামেলাভাবে জানিয়েছেন অভিনেত্রী। পরীমণির ভাষ্য, ‘মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।’

ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলকে নিয়ে তার এমন উচ্ছ্বাস নতুন কিছু নয়। বিভিন্ন সময়েই আর্জেন্টিনার সমর্থনে সামাজিক মাধ্যমে সরব দেখা গেছে তাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বরং বিশ্বকাপের আবহে আর্জেন্টিনাকে নিয়ে পরীমনির আবেগঘন এই ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নেটদুনিয়ায়।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন