প্রেম করে বিয়ে করায় মেয়েকে বেধড়ক মারধর ও নির্যাতন

  14-06-2026 04:03PM


পিএনএস ডেস্ক: বিহারের মধেপুরা জেলায় প্রেম করে বিয়ে করার জেরে এক তরুণীকে বেধড়ক মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে তার মা-বাবার বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ও পরে পুলিশ তদন্তে নামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি মধেপুরার একটি গ্রামে ঘটে। ভুক্তভোগী তরুণীর নাম পূজা কুমারী (২২ বছর)। তিনি প্রায় এক মাস আগে বিট্টু কুমার নামে এক যুবককে বিয়ে করেন। জানা গেছে, তারা আত্মীয় ও পাশাপাশি এলাকায়ই বসবাস করেন।

বিয়ের বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং গ্রামবাসীরাও এতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে একটি পঞ্চায়েত বসানো হয়। ওই পঞ্চায়েতে সিদ্ধান্ত হয়, দম্পতিকে আলাদা করে দেওয়া হবে। পাশাপাশি ছেলের পরিবারের ওপর ১ লাখ টাকা জরিমানা ধার্য করা হয় ও সেই অর্থ মেয়ের পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

রিপোর্ট অনুযায়ী, পঞ্চায়েতের পর মেয়েটির মা-বাবা তাকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনে। তবে নিজ বাড়িতে ফেরার পরই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

ঘটনাটি ঘটে ৮ জুন। পরে শনিবার (১৩ জুন) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেয়েটির মা তাকে চুল ধরে টেনে মাটিতে ফেলে দিচ্ছেন ও মারধর করছেন। একই সঙ্গে তার বাবা তাকে মারধর করেন ও গলায় পা চেপে ধরেন। ভিডিওতে আরও দেখা যায়, ঘটনাটি গ্রামের লোকজনের উপস্থিতিতেই ঘটছে।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয় ও বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ওই তরুণীকে সুরক্ষামূলক হেফাজতে নেয় ও থানায় নিয়ে যায়।

শঙ্করপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার এনডিটিভিকে ফোনে জানান, ভুক্তভোগীর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, ভাইরাল ভিডিও ও অভিযোগের ভিত্তিতে পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি



পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন