এবার ইরানি প্রতিনিধিদলকে হুমকি ট্রাম্পের

  21-06-2026 11:49PM

পিএনএস ডেস্ক: হামলার হুমকি দেওয়ার পর এবার সুইজারল্যান্ডে আলোচনারত ইরানি প্রতিনিধিদলকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দিয়েছেন।

ট্রাম্প বলেছেন, ইরানের সাথে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ‘দখল’ করে নিতে পারে।

সুইজারল্যান্ডে সমবেত ইরানি প্রতিনিধিদলকে হুমকি দিয়ে বলেছেন, “তোমরা এটা (হরমুজ প্রণালি) বন্ধ করে দিলে তোমাদের আর কোনো দেশ থাকবে না। তোমরা নিজেদের দেশেও ফিরতে পারবে না।”

শনিবার সুইজারল্যান্ডে আলোচনার টেবিলে বসেছেন আমেরিকান ও ইরানি প্রতিনিধি দল। বৈঠকে বসার আগে সাংবাদিকদের মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র তার সম্পর্ককে ‘মৌলিকভাবে রূপান্তরিত’ করতে ইচ্ছুক।

তবে এর কিছুক্ষণ পরেই ট্রাম্প ট্রুথ স্যোশালে এক পোস্টে লিখেছেন, “ইরানকে অবশ্যই লেবাননে তাদের উচ্চ বেতনভোগী প্রক্সিদেরকে ঝামেলা সৃষ্টি করা থেকে অবিলম্বে বিরত রাখতে হবে। যদি তারা তা না করে, আমরা ইরানের উপর আবারও খুব কঠিন আঘাত হানব, ঠিক যেমনটা আমরা গত সপ্তাহে করেছিলাম, তারচেয়েও আরো কঠিন!”


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন