অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু

  22-06-2026 12:01AM

পিএনএস ডেস্ক: নরসিংদীর মনোহরদীর একটি মাদ্রাসায় অজু করার সময় বজ্রপাতে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরেক শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার (২১ জুন) সন্ধ্যায় মনোহরদী উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলো— জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তারা সবাই ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে বৃষ্টির সময় মাদ্রাসা ভবনের পাশের অজুখানায় অজু করছিলেন হেফজ বিভাগের চার ছাত্র। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা সবাই গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ছাত্রকে হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “মাগরিবের নামাজের আগে অজু করার সময় চার ছাত্র বজ্রপাতের শিকার হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।”

শিবপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছিল। আহত অপর শিক্ষার্থীর চিকিৎসা চলছে।

এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর গভীর শোকের ছায়া নেমে এসেছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন