পিএনএস ডেস্ক : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) দেশজুড়ে চলমান বিক্ষোভ এবং কথিত নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জবাবদিহির দাবির মুখে তিনি পদ ছাড়েন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর এমন সময় এলো, যখন রাজধানী দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফার বৈঠক চলছিল।
আন্দোলনকারীরা শুরু থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে তাদের প্রধান এবং ‘অ-আলোচনাযোগ্য’ দাবি হিসেবে তুলে ধরেছিলেন। এর আগে কেন্দ্র সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়ে নীতিগত সম্মতি দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাজি হয়নি।
নিট প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে আন্দোলন চলছে। আন্দোলনকারীরা পরীক্ষা ব্যবস্থার সংস্কার, দায়ীদের শাস্তি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি পূরণ হলেও বিক্ষোভকারীরা জানিয়েছে, পরীক্ষা ব্যবস্থার সংস্কার ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
পিএনএস /এএ
আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
25-07-2026 04:13PM

