পিএনএস ডেস্ক: রাজধানীর বনানীর একটি জুয়েলারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ নিয়ে আসল হীরা ও স্বর্ণের অলংকার সরিয়ে তার পরিবর্তে নকল (রেপ্লিকা) গয়না রাখার অভিযোগে গ্রেফতার দুই নারীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তের স্বার্থে পুলিশের আবেদনের পর এ আদেশ দেওয়া হয়।
সোমবার (১৩ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- মুনমুন আচার্য ওরফে প্রিয়া (৩০) এবং মোসাম্মৎ রিফা তামান্না (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াসির আরাফাত দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ৮ জুলাই নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের অঙ্গপ্রতিষ্ঠান এনজে ডায়মন্ডসের পক্ষে মো. খায়েজ আহাম্মদ বনানী থানায় মামলাটি করেন।
অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে মুনমুন আচার্য ও রিফা তামান্না অজ্ঞাতপরিচয় সহযোগীদের সহায়তায় ২০২৪ সালের ২৭ এপ্রিল থেকে চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে আসল হীরা ও স্বর্ণের অলংকার সরিয়ে একই ধরনের রেপ্লিকা অলংকার রেখে দেন। এছাড়া কয়েকটি হীরার অলংকার সরাসরি চুরি ও আত্মসাতের অভিযোগও আনা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, খোয়া যাওয়া গয়নার মধ্যে হীরা ও স্বর্ণের সমন্বয়ে তৈরি চারটি মূল্যবান নেকলেস রয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, এসব অলংকারের প্রকৃত মূল্য এবং চুরির সঙ্গে আর কারা জড়িত, তা জানতে দুই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
পিএনএস/রাআ
আসলের বদলে নকল গয়না রাখার অভিযোগে দুই নারী রিমান্ডে
14-07-2026 02:10AM

