পিএনএস ডেস্ক : সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে খুব শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে। এ দেশে তারা আর কোনো দিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।’ তিনি অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা বিদেশে বসে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নিয়মিত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি জানান, পর্দার অন্তরালে তারেক রহমানের সঙ্গে আলাপ-আলোচনা করেই তৎকালীন অরাজনৈতিক আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যাওয়া হয়েছিল।
জুলাই চেতনাকে পুঁজি করে কেউ যাতে কোনো ধরনের ব্যবসা না করে, সে ব্যাপারেও কঠোর হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘জুলাই চেতনা বিক্রি ভালো নয়। যারা এই চেতনা নিয়ে ব্যবসা করার চেষ্টা করবে, তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।’ অর্থনৈতিক সংকট মোকাবিলায় ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার তার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।
পিএনএস /এএ
আওয়ামী লীগকে শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
04-07-2026 06:39PM

