পিএনএস ডেস্ক: রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে নিচে পড়ে এক শ্রমিক প্রাণ হারিয়েছেন।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. শামীম (২২)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খিলগাঁও উচ্চবিদ্যালয়ে একটি নির্মাণাধীন ভবনের ছয়তলায় ক্রেন দিয়ে ইট-বালু উঠানোর সময় ওপর থেকে অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
এই ঘটনা পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।
পিএনএস/রাআ
ছয়তলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত
18-07-2026 10:25PM

