শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় রাইড শেয়ার চালক নিহত

  26-07-2026 05:57PM

পিএনএস ডেস্ক : আরাজধানীর শেরেবাংলানগর থানাধীন শেওড়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় সবুজ রহমান (৩০) নামের এক মোটরসাইকেল রাইড শেয়ার চালক নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সবুজ নীলফামারী জেলার ডিমলা থানার নাটাবাড়ী গ্রামের মশিউর রহমানের ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও সবুজকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সজিব খান জানান, রাতে তিনি অফিস থেকে বাসায় ফেরার পথে শেওড়াপাড়ায় নেমে রাস্তা পার হচ্ছিলেন।

সে সময় তিনি দেখতে পান স্থানীয় লোকজনের একটি জটলা। কাছে গিয়ে দেখেন রক্তাক্ত এক ব্যক্তিকে সিএনজিতে তুলে রাখা হয়েছে।

সজিব জানান, সবুজ মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের কাজ করতেন। শেওড়াপাড়া রোড দিয়ে যাওয়ার সময় ‘হিমালয় পরিবহন’-এর একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে তিনি রাস্তায় পড়ে গেলে বাসের চাকা তার হাতের ওপর দিয়ে চলে যায় এবং মাথায় থাকা হেলমেটটি ভেঙে যায়। তবে এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা যাত্রী তেমন কোনো আঘাত পাননি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সাড়ে ১২টার দিকে আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শেরেবাংলানগর থানাকে জানানো হয়েছে।

ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং এর চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন