পিএনএস ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোল হয়েছে। সদ্য ঘোষিত নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিতদের স্থান দেওয়া নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে আলোচনা করতে গিয়ে ব্যাপক বাদানুবাদে জড়িয়ে পড়েন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। একপর্যায়ে জরুরি সভা স্থগিত করা হয়।
রবিবার (৫ জুন) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, সদ্য ঘোষিত ১৫১ সদস্যের কমিটিতে বিতর্কিতদের দায় একজন আরেকজনের ওপর চাপানোর চেষ্টা করলে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। এ নিয়ে চরম হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
যুবদলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক জানান, বিতর্কিত ও দীর্ঘদিন ধরে সংগঠনে নিস্ক্রিয় থাকা সহ-সভাপতি ফিরোজ আবদুল্লাহর অতীত রাজনৈতিক পরিচয় জানতে চান যুবদলের সভাপতি মুন্না। এ থেকে ঘটনার সূত্রপাত। পাল্টা সাধারণ সম্পাদক নয়নও নিষ্ক্রিয় মো. কামরুজ্জামান, শামসুজ্জোহা সুমন ও মনিরুল ইসলাম সোহাগের বিগত আন্দোলনে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
অন্য একটি সূত্র জানায়, কমিটির মান ও মর্যাদা নষ্ট হওয়ার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ একে-অপরকে দোষারোপ করতে থাকে। সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি মাহমুদুস সালেহীন আরেক সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়াকে কক্সবাজারে যথাযথ সম্মন না দেওয়ার বিষয়টি মিটিংয়ে উপস্থাপন করেন।
এ সময় রাজনীতি না করেও মাহমুদুস সালেহীনের পদ পাওয়ার বিষয়ে বেশ কয়েকজন মন্তব্য করেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ-সভাপতি ফিরোজ আবদুল্লাহকে সতর্ক করে বলেন, ‘তুমি সভাপতির স্বাক্ষরে সহ-সভাপতি হয়েছ’। এ সময় ফিরোজ আবদুল্লাহ মিটিং থেকে বের হয়ে যান। পরে উত্তেজনা আরো চরম মাত্রায় পৌঁছালে মিটিং স্থগিত করা হয়।
পিএনএস/রাআ
হট্টগোলে যুবদলের জরুরি সভা পণ্ড
06-07-2026 02:15AM

