নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে নোটিশ

  26-06-2026 03:00AM

পিএনএস ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ সাতটি দলকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।

হিসাব জমা না দেওয়া বাকি দলগুলো হল— বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতন্ত্রাতিক আন্দোলন (এনডিএম) ও আমজনতার দল।

বৃহস্পতিবার (২৫ জুন) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এসব দলকে নোটিস দেওয়ার তথ্য দেন।

১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫০টি দল অংশ নেয়। ১৩ ফেব্রুয়ারি রাতে ফলের গেজেট প্রকাশ হয়।

নির্বাচনি আইন অনুযায়ী, ভোটের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলের ব্যয় বিবরণী জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে ১৩ মে নির্বাচনি ব্যয় বিবরণী জমা দেওয়ার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ব্যয়ের হিসাব জমা দিয়েছে ২৭টি দল।

বিএনপি ও এনসিপিসহ যে ২৩টি দল ব্যয়ের হিসাব জমা দেয়নি, সেগুলোকে ১৪ জুনের মধ্যে সময় দিয়ে তাগিদ দেয় ইসি। পরে বর্ধিত এ সময়ে বিএনপিসহ ১৬টি দল হিসাব জমা দেয়।

এনসিপিসহ বাকি সাতটি দল এখন ব্যয় বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়ায় সেগুলোকে আলাদা নোটিস দেওয়া হল।

ব্যয় বিবরণী জমা না দেওয়ার বিষয়ে কেন ১০ হাজার টাকা জরিমানাসহ হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হবে না, সেটি জানতে চাওয়া হয়েছে নোটিসে। অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর জবাব দিতে বলা হয়েছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন