দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে জামায়াতের বিবৃতি

  21-07-2026 06:01PM

পিএনএস ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২১ জুলাই) কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে জানিয়েছেন, বিষয়টি দলের নজরে এসেছে এবং প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিবৃতিতে তিনি বলেন, ‘অতি সম্প্রতি জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে জনাব গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবিষয়ে আরও খোঁজখবর নিয়ে প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

এর আগে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তাদের অনুসন্ধানে জানায়, ভাইরাল ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভিডিও ও অডিওর কারিগরি বিশ্লেষণে কোনো ধরনের ডিজিটাল বিকৃতি বা সম্পাদনার অসামঞ্জস্য শনাক্ত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে গাজী নজরুল ইসলাম নিজে এক বিবৃতিতে দাবি করেন, গত ১৩ জুলাই তার দ্বিতীয় স্ত্রীর পিতা মো. মাসুম বিল্লাহর মগবাজারের ব্যবসায়িক অফিসে অবস্থানকালে তার গাড়িচালক ওবায়দুল্লাহ কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে তাদের জিম্মি করে এক লাখ টাকা আদায় করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে ওবায়দুল্লাহ তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ করেন তিনি।

সংসদ সদস্য আরও জানান, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম বেগমের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। তাই ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্ক হিসেবে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি উল্লেখ করেন। যারা এই ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামও এক ভিডিও বার্তায় স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে চলা সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘মরিয়মের সঙ্গে আমার স্বামীর বিয়ে হয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে যারা বিভিন্ন কুৎসা রটাচ্ছেন, আমি তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অপপ্রচার থেকে বিরত না থাকলে বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা নেব।’

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, ‘এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এ বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কীভাবে এবং কার মাধ্যমে প্রকাশ করা হয়েছে, সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। তবে ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন