পিএনএস ডেস্ক: ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন তানজিদ তামিম-সাইফ হাসানরা। দুই ওপেনারের জোড়া ফিফটিতে শক্ত ভিত পায় সফরকারীরা। সেখানে দাঁড়িয়ে ঝোড়ো ব্যাটিং করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও ইয়াসির আলি। ইনিংসের শেষ ওভারে টানা ৪টি ছক্কা হাঁকান সাইফউদ্দিন। তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম উদ্বোধনীতে দ্বিতীয় সর্বোচ্চ (১২০ রানের) জুটি গড়েন।
এরপর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ দল। মাত্র ২১ রানের ব্যবধানে ফেরেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান।
ওপেনার সাইফ হাসান ৪৫ বলে ৮টি চার আর এক ছক্কায় ৫৫ রান করেন। ৪৪ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৫৫ রান করেন তানজিদ হাসান তামিম।
এরপর ব্যাটিংয়ে নেমে ৬, ১ ও ৪ রানে ফেরেন অধিনায়ক তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান।
১৬.৫ ওভারে ১৪১ রানে ৫ উইকেট পতনের পর; মাত্র ১৯ বলে ৪টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাইফউদ্দিন ও ইয়াসির আলি। শেষ দিকে তাদের ব্যাটিং তাণ্ডবের কারণে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
পিএনএস/এএ
সাইফউদ্দিনের শেষের ঝড়ে টাইগারদের চ্যালেঞ্জিং সংগ্রহ
17-07-2026 06:32PM

