পিএনএস ডেস্ক: বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার বেলঘড়িয়া দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বেলঘড়িয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৬০) ও তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পুটু মিয়া নামে এক ব্যক্তি পানি পান করার উদ্দেশ্যে আনোয়ার হোসেনের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি স্বামী ও স্ত্রীকে বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বিষয়টি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দম্পতির মৃত্যু হয়েছে। নিহতদের লাশের সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পিএনএস/রাআ
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
04-06-2026 11:40PM

