এবার আরও কমলো সোনা-রুপার দাম

  11-06-2026 10:38AM


পিএনএস ডেস্ক: আন্তর্জাতিক বাজারে তেজাবী সোনা ও রুপার দাম হ্রাস পাওয়ার প্রেক্ষাপটে দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে এই নতুন মূল্য তালিকা কার্যকর করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২,১৮,৩৫০ টাকা, ২১ ক্যারেটের ভরি ২,০৮,৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১,৭৮,৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১,৪৫,৫০৮ টাকায় বিক্রি হবে।

অন্যদিকে, রুপার ক্ষেত্রে ২২ ক্যারেটের প্রতি ভরি ৪,৮৪১ টাকা, ২১ ক্যারেটের ভরি ৪,৬০৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩,৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের ভরি ২,৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে ক্রেতাকে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট অবশ্যই পরিশোধ করতে হবে। এছাড়াও, অলংকারের ডিজাইন ও মান অনুযায়ী কারিগরদের মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।

সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাজুস আশা করছে, আন্তর্জাতিক বাজারের এই দরপতনের সুবিধা দেশের গ্রাহকরাও যথাযথভাবে পাবেন।


পিএনএস/এমএইউ


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন