পুলিশি অভিযানে পণ্ড আ’লীগ নেতাকর্মীদের খিচুড়ি পার্টি

  11-06-2026 12:48PM


পিএনএস ডেস্ক: শরীয়তপুরের নড়িয়ায় গোপনে আয়োজিত আওয়ামী লীগ নেতাকর্মীদের খিচুড়ি পার্টি পুলিশি অভিযানে পণ্ড হয়ে গেছে। এসময় পালানোর চেষ্টাকালে সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিক (২১) নামের দুই যুবককে আটক করা হয়।

বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলদেওনিয়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হওয়ার চেষ্টা করছিলেন। সেই লক্ষ্যে তারা ওই এলাকায় খিচুড়ির আয়োজন করেন। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে দ্রুত পালানোর চেষ্টা করেন। কিন্তু তাদের মধ্যে থেকে সাইফুল ইসলাম ও জোবায়ের ইসলাম অনিক নামের দুইজনকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিলদেওনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


পিএনএস/এমএইউ


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন