পিএনএস ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয়বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন।
শনিবার (১১ জুলাই) রাতে এ ফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় দেশের ৬৪৭টি কেন্দ্রে এক হাজার ৯১৫টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন বিভাগের সর্বমোট এক লাখ ৯৭ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশ নেন। এতে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ।
প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনবোধে সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পিএনএস/রাআ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ফল প্রকাশ, পাস ৯৩.৫৩ শতাংশ
12-07-2026 09:50AM

