পিএনএস ডেস্ক: কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার জার্সিতে বিশ্বকাপ ফুটবল খেললেন; কিন্তু সেই স্মৃতি ফিকে হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন জেইডেন অ্যাডামস। মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন দক্ষিণ আফ্রিকার এই মিডফিল্ডার। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তিনটি গ্রুপ ম্যাচেই খেলেছিলেন অ্যাডামস। দলটি প্রথমবারের মতো নকআউট পর্বে উঠলেও শেষ ৩২-এ ২৮ জুন সহ-আয়োজক কানাডার কাছে হেরে বিদায় নেয়।
দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি এক বিবৃতিতে বলেন, ‘গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমি জেইডেন অ্যাডামসের মৃত্যুর খবর জেনেছি। দক্ষিণ আফ্রিকার ফুটবল তার সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিভাদের একজনকে হারিয়েছে। তার পরিবার, সতীর্থ এবং যেসব সমর্থক তাকে একজন সম্ভাবনাময় একাডেমি ফুটবলার থেকে পূর্ণাঙ্গ বাফানা বাফানা আন্তর্জাতিক ফুটবলার হয়ে উঠতে দেখেছেন, তাদের সবার সঙ্গে পুরো জাতিও আজ শোকাহত।’
দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, শনিবার সকালে কেপটাউনের শটসচেকলুফ এলাকার একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী জেইডেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হয়নি। এ বিষয়ে ম্যাকেঞ্জি বলেন, ‘জেইডেনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হয়নি। আমি গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন সংযম ও সহমর্মিতা দেখান এবং কোনো ধরনের জল্পনা-কল্পনা থেকে বিরত থাকেন। এই কঠিন সময়ে তার পরিবার ও মামেলোদি সানডাউনসকে প্রয়োজনীয় ব্যক্তিগত পরিসর দেওয়া উচিত। যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় তথ্য জানাবে।’
বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে নিজের দাদির মৃত্যুসংবাদ পেয়েছিলেন অ্যাডামস। তবুও সেদিন মাঠে নেমেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ফুটবল প্লেয়ার্স ইউনিয়নও গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘মাত্র কয়েক সপ্তাহ আগেই জেইডেন ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি গর্ব, সাহস ও মর্যাদার সঙ্গে পুরো জাতির আশা বহন করেছিলেন। তার মৃত্যু তার পরিবার, সতীর্থ, ক্লাব, ফুটবল অঙ্গন এবং পুরো দেশের জন্য অপূরণীয় ক্ষতি। দক্ষিণ আফ্রিকার ফুটবল হারিয়েছে একজন অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়কে, খেলাটির একজন নিবেদিতপ্রাণ সৈনিককে এবং এমন এক তরুণকে, যার সামনে দেওয়ার মতো আরও অনেক কিছু ছিল।’
২০২২ সালে জাতীয় দলে অভিষেক হয় জেইডেনের। স্টেলেনবস এফসিতে ক্যারিয়ার শুরু করে ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেন মামেলোদি সানডাউনসে। সেখানে লিগ শিরোপা ও আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। ২০২৩ আফ্রিকা কাপ অব নেশনসে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠা দলের সদস্য ছিলেন তিনি। পরে বিশ্বকাপেও জায়গা করে নিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার সাফল্যের অংশ হন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শোক জানিয়ে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেইডেন অ্যাডামস নিজের দেশের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানে খেলার মাত্র কয়েক সপ্তাহ পরই মারা গেছেন- এ খবরটি অত্যন্ত হৃদয়বিদারক। ফিফা এবং বিশ্ব ফুটবল পরিবারের পক্ষ থেকে আমার গভীর সমবেদনা তার পরিবার, বন্ধু এবং সতীর্থদের প্রতি। বাফানা বাফানা ও মামেলোদি সানডাউনসের এই তারকাকে সবাই ভীষণভাবে মিস করবে। তিনি শান্তিতে বিশ্রাম নিন।’
পিএনএস/রাআ
বিশ্বকাপ থেকে ফিরেই না ফেরার দেশে দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার
12-07-2026 01:21AM

