পিএনএস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশজুড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি দাঁড়িয়েছে ৮২৮ জনে। এ ছাড়াও গত একদিনে নতুন করে আরও ৯০৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ১৫ হাজার ৬৬০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৪১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪ হাজার ২৩৫ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যুর তিনটি ঘটনার মধ্যে দুটি ঘটেছে চট্টগ্রাম বিভাগে এবং একটি রাজশাহী বিভাগে। এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৩ জনে। তবে পরীক্ষায় নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত থেকে ৯৫ জন রয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩৭ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ২১৫ জন, বরিশালে ১৩১ জন এবং সিলেটে ৮৩ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে চট্টগ্রামে ২৩ জন, ঢাকা বিভাগে ৪৮ জন এবং রংপুরে ২২ জনের হাম নিশ্চিত হয়েছে।
এদিকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অগ্রগতিতে ইতিবাচক চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারা দেশে টিকাদান কভারেজ লক্ষ্যমাত্রার ১০৩ শতাংশে পৌঁছেছে। মোট ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত ১ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ৯৪০ জনকে টিকা দেওয়া হয়েছে।
পিএনএস /এএ
দেশে হামের উপসর্গে একদিনে ৩ শিশুর মৃত্যু
28-07-2026 04:10PM

