ইসরায়েলি সেনাবাহিনীকে আবারও কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

  18-06-2026 04:35PM


পিএনএস ডেস্ক: টানা তৃতীয় বছরের মতো ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ঘটনা রেকর্ড পরিমাণে পৌঁছেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, তারা বুধবার (১৭ জুন) প্রকাশের অপেক্ষায় থাকা জাতিসংঘের একটি প্রতিবেদন দেখেছে। ২০২৫ সালের তথ্যভিত্তিক ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৫ সালে সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। এ বছর ২৪ হাজার ১৭৪ জন শিশুর বিরুদ্ধে মোট ৩৮ হাজার ৫৫৮টি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাচাই করেছে জাতিসংঘ। এর মধ্যে ১৫ হাজার ৪৯৩ জন ছেলে, ৭ হাজার ৯৯০ জন মেয়ে এবং ৬৯১ জনের লিঙ্গ শনাক্ত করা যায়নি। শিশু ও সশস্ত্র সংঘাত সংক্রান্ত এই ম্যান্ডেট চালুর পর এত বেশি সংখ্যক শিশু কখনও এমন লঙ্ঘনের শিকার হয়নি।’

জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার বলেন, ৩০ বছরের ইতিহাসে এই প্রথম শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের জন্য সবচেয়ে বেশি দায়ী পক্ষ হিসেবে সরকারি বাহিনীগুলো চিহ্নিত হয়েছে। তিনি জানান, সরকারি বাহিনীগুলোর মধ্যে শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের ঘটনায় শীর্ষে রয়েছে ইসরায়েলি সরকার। এর পরেই রয়েছে রাশিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, আগের বছরের তুলনায় শিশু নিহত ও আহত হওয়ার ঘটনা যথাক্রমে ৩৪ ও ১০ শতাংশ বেড়েছে। এতে আরও বলা হয়, ‘সবচেয়ে বেশি গুরুতর লঙ্ঘনের ঘটনা যাচাই করা হয়েছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে। সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে ১২ হাজার ৪৪৫টি। এছাড়া ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ৪ হাজার ১১৪টি, নাইজেরিয়ায় ২ হাজার ৫৬০টি, মিয়ানমারে ২ হাজার ২০৩টি এবং সোমালিয়ায় ২ হাজার ১৯৫টি ঘটানা ঘটেছে।’

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ৬ হাজার ২৬৬ শিশু নিহত হয়েছে, ৭ হাজার ৯৫৮ জন আহত হয়েছে, ৬ হাজার ৬০৭ জনকে সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ দেয়া হয়েছে, ৮ হাজার ৩২২ জন মানবিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছে এবং ৪ হাজার ৫৭৩ জন শিশুকে অপহরণ করা হয়েছে।

প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ব্যাপকতায় তিনি ‘মর্মাহত’। তিনি বলেন, ‘গাজা উপত্যকায় চলমান গুরুতর লঙ্ঘনের ঘটনায় আমি স্তম্ভিত। একই সঙ্গে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।’


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন