পিএনএস ডেস্ক: সৌদি আরবের ঐতিহাসিক জেদ্দা শহরের আল-বালাদ এলাকায় অবস্থিত রেড সি মিউজিয়ামে (লোহিত সাগর জাদুঘর) পবিত্র কোরআনের বেশ কিছু বিরল সংস্করণের প্রদর্শনী চলছে। এই প্রদর্শনীর মাধ্যমে লোহিত সাগর ও সমুদ্রপথে আসা হজযাত্রীদের শত বছরের ঐতিহাসিক সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে।
জাদুঘরের একটি বিশেষ প্যাভিলিয়নে প্রাচীন ও মূল্যবান কোরআনের কপি, ইসলামিক বই, ঐতিহাসিক পাণ্ডুলিপি এবং মানচিত্র প্রদর্শন করা হচ্ছে। এই মানচিত্রগুলো একসময় সমুদ্রপথে মক্কায় আসা হজযাত্রীদের পথপ্রদর্শক হিসেবে ব্যবহৃত হতো।
এই সংগ্রহশালায় বিভিন্ন যুগের কোরআনিক পাণ্ডুলিপি রয়েছে। যার মধ্যে সপ্তদশ শতাব্দীর চীনা পাণ্ডুলিপি, ঊনবিংশ শতাব্দীর কাশ্মীরি পাণ্ডুলিপি এবং অটোমান (উসমানীয়) আমলের ছোট একটি কোরআনের কপি অন্যতম। প্রতিটি নিদর্শনে সোনা দিয়ে করা সূক্ষ্ম নকশা, দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি ও অসাধারণ বাঁধাইয়ের কাজ লক্ষ্য করা যায়, যা তৎকালীন সময়ে পবিত্র কোরআনের পাণ্ডুলিপি তৈরির অনন্য কারুশৈলীর প্রমাণ দেয়।
কোরআনের পাশাপাশি প্রদর্শনীতে ধর্মীয় নানা স্মারক, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক গ্রন্থ এবং প্রশংসামূলক কাব্যগ্রন্থও স্থান পেয়েছে। তবে এবারের প্রদর্শনীর অন্যতম বড় আকর্ষণ হলো ১৫০৬ খ্রিস্টাব্দের একটি প্রাচীন পাণ্ডুলিপি, যেখানে পবিত্র দুই মসজিদের (মসজিদুল হারাম ও মসজিদে নববী) চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। হজ যাত্রার ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে এই কাজটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করা হয়।
পবিত্র কোরআনের প্রতি ইতিহাসের বিভিন্ন সময়ে মানুষের যে গভীর যত্ন ও ভালোবাসা ছিল, তা এই প্যাভিলিয়নের মাধ্যমে দর্শনার্থীদের সামনে উঠে এসেছে। একই সঙ্গে ক্যালিগ্রাফি, অলংকরণ ও বই বাঁধাই শিল্পের বিবর্তনকেও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে, যা দর্শকদের দিচ্ছে এক সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতা।
মূলত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই হজের পথ দিয়ে আসা কোটি কোটি হাজীর আধ্যাত্মিক ও মানবিক যাত্রার গল্প এবং তাদের বিশ্বাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের জন্য ধরে রাখতেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন।
পিএনএস/মোআ
জেদ্দায় প্রদর্শিত হচ্ছে পবিত্র কোরআনের বিরল সংগ্রহ
05-07-2026 12:27PM

