প্রজ্ঞাপনের অপেক্ষায় সরকারি চাকরিজীবীরা, বাড়তি সুবিধা নিয়ে কৌতূহল

  21-06-2026 02:02PM


পিএনএস ডেস্ক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকরের একটি মেগা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

নতুন এই বেতন কাঠামোতে বিশেষ চমক হিসেবে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য আর্থিক সুবিধার বড় একটি প্যাকেজ থাকছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো টিফিন ভাতা এক লাফে ৫ গুণ বাড়িয়ে ২০০ টাকা থেকে ১ হাজার টাকা করার বিষয়টি।

২০১৫ সালে অষ্টম বেতন কাঠামো ঘোষণার পর গত এক দশকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান ২০০ টাকা টিফিন ভাতা অনেকটাই সেকেলে হয়ে পড়েছে।

মাঠ প্রশাসনের কর্মচারীদের দৈনন্দিন দুপুরের খাবারের ব্যয় মেটাতে হিমশিম খাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বেতন কমিশন এই ভাতা ১ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করেছে। এই সিদ্ধান্তে সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছে।

কেবল টিফিন ভাতাই নয়, জীবনযাত্রার মান উন্নয়নে নতুন বেতন কাঠামোতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা যুক্ত করা হয়েছে। প্রস্তাবিত উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হলো:

মূল বেতন বৃদ্ধি: সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বৈশাখি ভাতা: উৎসবের আমেজ বাড়াতে বৈশাখি ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করার সুপারিশ করা হয়েছে।

শিক্ষা ভাতা: সন্তানদের পড়াশোনার খরচ সহায়তায় প্রতি মাসে নির্দিষ্ট ২,০০০ টাকা শিক্ষা ভাতা প্রদানের পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যবীমা: সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের চিকিৎসার সুবিধার্থে প্রথমবারের মতো বিশেষ সরকারি স্বাস্থ্যবীমা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ চাইল্ড কেয়ার ভাতা: প্রতিবন্ধী সন্তানের বিশেষ যত্নের জন্য মূল বেতনের বাইরে অতিরিক্ত ২,০০০ টাকা বিশেষ ভাতা প্রদানের নিয়ম যুক্ত হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের রূপরেখার সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে। সংশ্লিষ্ট উইংগুলো বর্তমানে প্রস্তাবিত সুবিধাসমূহের চূড়ান্ত যাচাই-বাছাই করছে।

অর্থ মন্ত্রণালয় থেকে শিগগিরই এই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন বা গ্যাজেট জারি করা হতে পারে বলে নীতি-নির্ধারণী পর্যায় থেকে আভাস পাওয়া গেছে।



পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন