পিএনএস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৬ জন রয়েছেন বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬, খুলনা বিভাগে ১৬, চট্টগ্রাম বিভাগে ১৪, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ এবং রাজশাহী বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।
পাশাপাশি সিলেট বিভাগে ৩ জন, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ১ জন করে নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৬৯২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২২ জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৯ জন। এর মধ্যে আক্রান্তদের ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪ শতাংশ নারী। আর এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন।
পিএনএস/এএ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯
22-06-2026 07:48PM

