দুই বছর পর চালু হচ্ছে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা

  25-06-2026 03:49PM


পিএনএস ডেস্ক: প্রায় দুই বছর পর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কার্যত বন্ধ ছিল বাংলাদেশিদের সবচেয়ে কাঙ্ক্ষিত এ ভিসা।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

ভারতীয় হাইকমিশনার জানান, বর্তমানে পাঁচটি ভিসা কেন্দ্র থেকে দেওয়া হবে পর্যটন ভিসা। পরে বাকিগুলো চালু হবে। ভিসা সেন্টারগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহেই ভারতে দেশটির নাগরিকদের জন্য স্থগিত থাকা ভিসা কার্যক্রম পুনরায় চালু করে বাংলাদেশ। তবে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া কবে স্বাভাবিক হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত আসছিল না।

কূটনৈতিক সূত্রগুলো বলছিল, নিরাপত্তা উদ্বেগ, জনবল সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে পুরো কার্যক্রম স্বাভাবিক হতে সময় লাগবে।

২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে সব ধরনের ভিসা সীমিত করে ভারত। পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্যুরিস্ট ভিসা। এর মধ্যে কেটে গেছে প্রায় দুই বছর। নতুন হাইকমিশনার এলে ট্যুরিস্ট ভিসার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আলোচনা ছিল।

গত ১২ জুন ঢাকায় এসেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। স্থলপথে বেনাপোল দিয়ে বাংলাদেশে ঢুকে ট্যুরিস্ট ভিসা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মিলে মিশে ভিসার সমাধান করবো। শুধু অভিন্ন সীমান্ত নেই, অভিন্ন স্বপ্নও আছে। আমাদের আকাশ এক, বাতাস এক, চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। ভালোবাসা আর পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।

হাইকমিশনার হিসেবে নিজের অগ্রাধিকারের প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমার একমাত্র অগ্রাধিকার হলো বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক। আমরা সবাই ভাই-বোন। আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। প্রয়োজন শুধু ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতা। তাহলেই সব সমস্যার সমাধান সম্ভব।’

দীনেশ ত্রিবেদীর এ বক্তব্যে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার আভাস মিলছিল।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন