ফুটবল উন্মাদনার মধ্যেও ব্যতিক্রম গোপালগঞ্জের কোটালীপাড়া!

  25-06-2026 04:30PM


পিএনএস ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন দেশের জাতীয় পতাকার বদলে কালেমা খচিত পতাকা উত্তোলন করা হয়েছে। ব্যতিক্রমী এই দৃশ্যটি স্থানীয়দের নজর কাড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

জানা গেছে, বুধবার (২৪ জুন) বিকেলে কোটালীপাড়া উপজেলার ঘাঘর ব্রিজের ওপর কে বা কারা এই পতাকাগুলো টানিয়ে দেয়। সাধারণত ফুটবল উন্মাদনায় আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইতালি বা স্পেনের মতো দেশগুলোর পতাকা উড়তে দেখা গেলেও, এখানে এর বদলে আরবিতে কালেমা লেখা পতাকা দিয়ে ব্রিজের দুই পাশ সাজানো হয়েছে। রাতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

নেটিজেনরা এই ঘটনাকে একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে মন্তব্য করছেন। ব্রিজের ওপর দিয়ে চলাচলের সময় পথচারীদেরও নজর কাড়ছে সারি সারি এই পতাকাগুলো। অনেকেই দাঁড়িয়ে মনোযোগ দিয়ে দেখছেন, আবার কেউ কেউ স্মৃতি হিসেবে ছবি বা ফটোসেশন করে রাখছেন।

ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি সাধারণ মানুষও বিষয়টিকে বেশ ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন। ব্যতিক্রমী এই সাজসজ্জা দেখে কোনো নেতিবাচক মন্তব্য না করে বরং সবাই একবাক্যেই বলছেন- ‘দৃশ্যটি দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে।’



পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন