পিএনএস ডেস্ক : ভারতের উদ্বেগ সত্ত্বেও তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে দেশটি স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এ ধরনের সহযোগিতা বাইরের প্রভাবমুক্ত থাকা উচিত।
বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তিস্তা অববাহিকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কাছাকাছি হওয়ায় বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ নিয়ে নয়াদিল্লির উদ্বেগ রয়েছে।
এ প্রসঙ্গে গুও জিয়াকুন বলেন, চীন ও বাংলাদেশের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। পাশাপাশি এ সহযোগিতা যেন কোনো বাইরের প্রভাবের অধীন না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি জানান, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। এ প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে চীন।
চীনের পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশের উন্নয়ন কৌশলের সঙ্গে সমন্বয় করে বাণিজ্য, অর্থনীতি, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জনকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী বেইজিং।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, তিস্তা প্রকল্প নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ ও চীনের বিশেষজ্ঞরা যৌথ কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবেন।
তিনি বলেন, এ বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন।
তিস্তাসহ বাংলাদেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতেও ঢাকা ও বেইজিং সমঝোতায় পৌঁছেছে। অন্যদিকে, তিস্তা প্রকল্পের অগ্রগতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ারচায়না তিস্তা প্রকল্পসংক্রান্ত সমঝোতা স্মারকের মেয়াদ বাড়িয়ে নতুন করে স্বাক্ষর করে। এর ফলে প্রকল্প বাস্তবায়নে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টদের আশা।
পিএনএস /এএ
তিস্তা প্রকল্প নিয়ে ভারতকে কড়া জবাব দিল চীন
29-06-2026 09:41PM

