পিএনএস ডেস্ক: চাপাতি, ছুরি, রামদা ও দেশীয় অস্ত্রসহ রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ মসজিদ মার্কেট এলাকায় একটি দোকানে ঢুকে হামলা, ভাঙচুর, মারধর ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পল্লবী থানায় অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলাটি করেন দোকানের মালিক মো. মিলন (৪৮)। রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।
তিনি বলেন, চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে অজ্ঞাতপরিচয় ৮-১০ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে। সুমাইয়া হেয়ার ফ্যাশন দোকানের মালিক মো. লিটন মামলাটি করেন। হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা বিভিন্ন সময় দোকানে এসে ৫০ লাখ টাকা এবং মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে বিভিন্ন ধরনের হুমকি দিতো এবং ব্যবসা করতে দেবে না বলে হুমকি দিতো। গত বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জন ধারালো চাপাতি, ছুরি, রামদা ও দেশীয় অস্ত্রসহ দোকানে ঢুকে গালিগালাজ শুরু করেন। এ সময় তারা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে রাজি না হলে অভিযুক্তরা লিটনকে মারধর করেন এবং দোকানের কর্মচারী সবুজ ও মহিকেও মারধর করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। এসময় আসামিরা বাদী ও তার পরিবারের লোকদের প্রাণনাশের হুমকি দেন।
পিএনএস/রাআ
পল্লবীতে দোকানে ঢুকে হামলার পর ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মামলা
24-07-2026 01:34AM

