পিএনএস ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে একজন ব্যক্তিকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবি ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুশইনে বাধা দেন এবং তাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর সীমান্ত এলাকায় এ পুশইনের চেষ্টা করা হয়। ওই ব্যক্তির নাম আলী আজগর (৬৫)। তাকে ভারতের মধুগাড়ি সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা হয়।
কুষ্টিয়া বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন (কমান্ডেন্ট) অধীনস্ত মধুগাড়ি ক্যাম্পের বিএসএফ ১৫৪/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন মধুগাড়ি সীমান্ত দিয়ে আলী আজগরকে পুশইনের চেষ্টা করে। এসময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্ত রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল ও মাঠে কর্মরত স্থানীয় কৃষকরা পুশইনের চেষ্টা প্রতিহত করে তাকে ভারত সীমানায় পাঠিয়ে দেয়। বর্তমানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আলী আজগরকে ফেরত নিয়ে গেছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঢাকা পোস্টকে বলেন, আজ এক ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে ভারতের সীমানায় ফেরত পাঠায়। বর্তমানে বিএসএফ তাকে তাদের হেফাজতে নিয়ে গেছে।
পিএনএস/রাআ
দৌলতপুর সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
26-06-2026 12:31AM

