পিএনএস ডেস্ক: পিরোজপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহাদেব বিশ্বাস নামে এক ওষুধ কোম্পানির কর্মকর্তা মারা গেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন কাউখালী–ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহাদেব বিশ্বাস ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে পিরোজপুর সদর ও ভান্ডারিয়া উপজেলার দায়িত্ব পালন করতেন। তিনি মাগুরা জেলার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেব বিশ্বাস মোটরসাইকেলে করে পিরোজপুর থেকে ভান্ডারিয়া যাচ্ছিলেন। পথে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে সড়ক থেকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং নিহত ব্যক্তির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পিএনএস/রাআ
পিরোজপুরে মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত
25-06-2026 11:59PM

