পিএনএস ডেস্ক: যৌন নিপীড়ন ও শারীরিক আঘাতের মামলায় স্পেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় রাফা মীরকে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
সোমবার (১৫ জুন) ভ্যালেন্সিয়ার একটি আদালত এ রায় ঘোষণা করেন। আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরে এক নারী ফুটবলার রাফা মীরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন।
মামলার বিবরণে বলা হয়, ভ্যালেন্সিয়ার একটি নাইটক্লাবে দুই তরুণীর সঙ্গে পরিচয়ের পর রাফা মীর ও আরেক ফুটবলার তাদের নিজ বাসভবনে নিয়ে যান। সেখানে এক তরুণীকে সুইমিংপুল ও বাথরুম এলাকায় যৌন নিপীড়নের ঘটনা ঘটে বলে আদালত রায়ে উল্লেখ করেন।
আরও পড়ুন: স্পেনের সামনে সহজ প্রতিপক্ষ, নাকি লুকিয়ে আছে চমক?
আদালতের মতে, ভুক্তভোগীর সাক্ষ্য ছিল ধারাবাহিক, সুসংগত ও বিশ্বাসযোগ্য। পাশাপাশি সাক্ষীদের বক্তব্য এবং ফরেনসিক প্রতিবেদনের সঙ্গেও অভিযোগের মিল পাওয়া গেছে।
রায়ের অংশ হিসেবে ভুক্তভোগীকে ৬৪ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে।
অভিযোগ ওঠার পর থেকেই রাফা মীর দাবি করে আসছিলেন, ঘটনাটি উভয় পক্ষের সম্মতিতেই ঘটেছিল। তার আইনজীবীরাও আদালতে একই যুক্তি তুলে ধরেন। তবে আদালত সেই দাবি গ্রহণ করেননি।
বর্তমানে ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার স্প্যানিশ ক্লাব এলচের হয়ে ধারে খেলছেন। তার মূল ক্লাব সেভিয়া। এর আগে তিনি ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের হয়েও খেলেছেন। এছাড়া টোকিও অলিম্পিকে স্পেন জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
রায় ঘোষণার পর এক বিবৃতিতে সেভিয়া জানায়, তারা আদালতের সিদ্ধান্তকে সম্মান করে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও যৌন নিপীড়নের বিরুদ্ধে ক্লাবটির অবস্থান স্পষ্ট বলেও উল্লেখ করা হয়।
পিএনএস/এমএইউ
যৌন নিপীড়ন মামলায় স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড
16-06-2026 01:10PM

