পিএনএস ডেস্ক: ব্রাজিলের নেইমারকে আইডল মানেন। কিন্তু ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসির নামটিই উচ্চারণ করলেন স্পেনের তারকা লামিন ইয়ামাল।
আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দিয়েছে মেসি। এই বয়সেও চোখ জুড়ানো ফুটবল খেলে যাচ্ছেন, নিজেকে প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত। তারপরও মেসির সমালোচনা করেন বা সেরা মানতে চান না, তাদের আর কিছুই বলার ইচ্ছে নেই ইয়ামালের।
আরটিভিই-এর সঙ্গে সাক্ষাৎকারে প্রথম ম্যাচে মেসির পারফরম্যান্সের প্রসঙ্গে ইয়ামাল বলেন, ‘মেসির হ্যাটট্রিক? প্রতিটি ম্যাচই প্রমাণ করে যে ইতিহাসের সেরা খেলোয়াড় তিনি। যদি কারও এ নিয়ে সন্দেহ থাকে, তাহলে সেটা শুধু ইচ্ছাকৃতভাবে সন্দেহ খোঁজার চেষ্টা। এর বেশি আর কিছু বলার নেই। আমার আদর্শ নেইমার, কিন্তু মেসিই সর্বকালের সেরা।’
একজন এই যুগের অন্যতম সেরা তারকা, আরেকজন ইতিহাসের সেরা। কিন্তু লামিন ইয়ামাল আর মেসির কখনও জাতীয় দলে মুখোমুখি লড়াই হয়নি। চলতি বছরের শুরুতে স্পেন ও আর্জেন্টিনার ফাইনালিসিমাতে সেই সম্ভাবনা থাকলেও পরে সে ম্যাচটি বাতিল হয়ে যায়।
বিশ্বকাপে যদি এবার আর্জেন্টিনার মুখোমুখি হয় স্পেন? ইয়ামালের জবাব, ‘আর্জেন্টিনার মুখোমুখি? শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে হলে সেরাদের হারাতেই হবে। যদি শেষ ষোলোতে তাদের সঙ্গে দেখা না হয়, তাহলে হয়তো ফাইনালে হবে। কিন্তু আমরা স্পেন, আর আমরা সেরাদের বিপক্ষেই খেলতে চাই।’
পিএনএস/রাআ
নেইমার আমার আইডল, কিন্তু মেসিই সর্বকালের সেরা: ইয়ামাল
19-06-2026 11:55PM

