পিএনএস ডেস্ক: আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির একটি বিশ্বকাপ রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের নাম লেখালেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
ম্যাচের ১০ মিনিটেই জালের দেখা পান ইয়ামাল। গোল করার সময় তার বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা হিসেবে জায়গা করে নেন তিনি।
এই কীর্তির পথে পেছনে পড়ে গেছেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। ২০০৬ ফিফা বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ গোল করার সময় মেসির বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। ফলে মাত্র ১৪ দিনের ব্যবধানে আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল।
একই সঙ্গে স্পেনের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতা এখন ইয়ামাল। তার ওপরে রয়েছেন কেবল গাভি। ২০২২ ফিফা বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে গোল করার সময় গাভির বয়স ছিল ১৮ বছর ১১০ দিন।
তবে বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী গোলদাতার রেকর্ড এখনও অক্ষুণ্ণ রয়েছে ব্রাজিলের কিংবদন্তি পেলের দখলে। ১৯৫৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে গোল করার সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৩৯ দিন। বিশ্বকাপ ইতিহাসে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই গোল করা একমাত্র ফুটবলারও তিনি।
এদিকে আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই সৌদি আরবকে চাপে রাখে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। ইয়ামালের রেকর্ডগড়া গোলের পর মিকেল ওয়াইরসাবালের জোড়া গোল করে স্পেনের আধিপত্য আরও দৃঢ় করেন। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্প্যানিশদের হাতেই চলে যায়।
বিশ্বকাপ ইতিহাসের শীর্ষ ১০ কনিষ্ঠ গোলদাতা
১. পেলে (ব্রাজিল)-১৭ বছর ২৩৯ দিন
২. ম্যানুয়েল রোসাস (মেক্সিকো) -১৮ বছর ৯৩ দিন
৩. গাভি (স্পেন)-১৮ বছর ১১০ দিন
৪. ইব্রাহিম এমবায়ে (সেনেগাল)-১৮ বছর ১৪৩ দিন
৫. মাইকেল ওয়েন (ইংল্যান্ড)-১৮ বছর ১৯০ দিন
৬. নিকোলাই কোভাকস (রোমানিয়া)-১৮ বছর ১৯৭ দিন
৭. দমিত্রি সিচেভ (রাশিয়া)-১৮ বছর ২৩১ দিন
৮. লামিন ইয়ামাল (স্পেন)-১৮ বছর ৩৪৩ দিন
৯. লিওনেল মেসি (আর্জেন্টিনা)-১৮ বছর ৩৫৭ দিন
১০. জুলিয়ান গ্রিন (যুক্তরাষ্ট্র)-১৯ বছর ২৫ দিন।
পিএনএস/এমএইউ
বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল
22-06-2026 11:34AM

