যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

  07-07-2026 10:26AM

পিএনএস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্য দিয়ে এবারের বিশ্বকাপের তিন আয়োজক দেশই বিদায় নিল। শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে বাকি দুই আয়োজক দেশ মেক্সিকো এবং কানাডা।

সিয়াটলের লুমেন ফিল্ডে শুরু থেকেই সমানে সমান খেলতে থাকে দুই দল। তবে ম্যাচে প্রথম লিড নেয় বেলজিয়াম। ৯ মিনিটে ফরোয়ার্ড চার্লস ডি কেটেলারা গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। বক্সের ভেতরে বল পেয়ে সহজ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি।

তবে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। ৩১ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেন মালিক টিলম্যান। তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। মাত্র দুই মিনিট পরই আবারও বেলজিয়ামকে এগিয়ে দেন চার্লস ডি কেটেলারা। ম্যাচের ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে লিড এনে দেন এই ফরোয়ার্ড। এই স্কোর লাইনেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয় হাফে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়ে যায়, তবে ভালো ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি। উল্টো ৫৭তম মিনিটে গোলকিপারের ভুলে আরও একটি গোল হজম করে যুক্তরাষ্ট্র। ডি-বক্সের বাইরে গিয়ে গোলকিপার ম্যাথু ফ্রিজ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকা জালে বল পাঠান হ্যান্স ভানাকেন।

এরপর চেষ্টা চালিয়ে গেছে যুক্তরাষ্ট্র। তবে গোলের দেখা পায়নি তারা আর। বদলি হিসেবে নামা লুকাকু যোগ করা সময়ে গোল করলে যুক্তরাষ্ট্রের বড় হার নিশ্চিত হয়। শেষ আটে বেলজিয়ামের প্রতিপক্ষ স্পেন। যারা পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছে।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন