নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন সূচি

  27-06-2026 07:43PM

পিএনএস ডেস্ক: চলতি ২০২৬ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলাগুলো প্রায় শেষের দিকে চলে এসেছে। ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের এই মহোৎসবের রাউন্ড অব থার্টি টু বা শেষ ৩২-এর নক-আউট পর্ব ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে ২৮টি দল। বাকি দলগুলোর মধ্যে আটটি সেরা তৃতীয় স্থান অধিকারী দলের সমীকরণ থেকে তিনটিসহ মোট চারটি দল এখনো অপেক্ষায় রয়েছে। গ্রুপের অবস্থান চূড়ান্ত হওয়ার পর বেশ কয়েকটি হাই-ভোল্টেজ ম্যাচের প্রতিপক্ষ এবং দিনক্ষণ নির্ধারিত হয়ে গেছে।

নক-আউটের মহাযুদ্ধের সূচি প্রকাশ করা হয়েছে।ঘোষিত ফিক্সচার অনুযায়ী, আগামী ২৮ জুন দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে কানাডার। পরদিন ২৯ জুন রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে শক্তিশালী ব্রাজিলের প্রতিপক্ষ জাপান এবং একই দিন দিবাগত রাত ২টা ২০ মিনিটে বোস্টনে জার্মানি লড়বে প্যারাগুয়ের বিরুদ্ধে। ৩০ জুন সকাল ৭টা ও রাত ১১টায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রথম ম্যাচে নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হবে নরওয়ে।

পরাশক্তিদের লড়াই শুরু হচ্ছে ১ জুলাই থেকে।আগামী ১ জুলাই ভোর রাত ৩টায় নিউজার্সিতে ফ্রান্স খেলবে সুইডেনের বিপক্ষে এবং সকাল ৭টা ও ২ জুলাই সকাল ৬টায় যথাক্রমে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৩ জুলাই রাত ১২টা ও ৪ জুলাই ভোর ৪টায় শেষদিকের দুটি হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে যথাক্রমে অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনা। এর মধ্যে ডালাসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর এবং মায়ামিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। নক-আউট নিশ্চিত হয়ে যাওয়া কিছু দলের সূচি এখনো চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকলেও ফুটবল ভক্তদের মাঝে ইতিমধ্যেই বিশ্বমঞ্চের আসল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন