পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসামি গ্রেপ্তার করতে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পরে তাদের আড়াইহাজার উপজেলার শান্তিনগর বাজার এলাকায় নিয়ে গিয়ে পুনরায় মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশে ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে ডিবি সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিন সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজার এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আবারও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে এসআই মামুন মাতুব্বরের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, ডিবি দলের আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে অবস্থান করায় হামলার শিকার হননি। পরে তিনি অভিযানে ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় এসে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ঢাকা ডিবির কয়েকজন সদস্য রূপগঞ্জের ভুলতা এলাকায় অভিযানে গিয়েছিলেন। তারা সাদা পোশাকে থাকায় স্থানীয়দের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং তারা জনরোষের শিকার হন। পরে সোনারগাঁ ও আড়াইহাজার থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। বিষয়টি নিয়ে ঢাকা ডিবির সঙ্গে সমন্বয় করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পিএনএস/এমএইউ
রূপগঞ্জে অভিযানে গিয়ে গণপিটুনির শিকার ৩ ডিবি সদস্য
19-06-2026 11:34AM

