পিএনএস ডেস্ক: সম্প্রতি জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে নিজের বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলে বিপাকে পড়েছেন নীলফামারী–৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। নিজের বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ দাবি করলেও নির্বাচনী হলফনামায় সেই আব্দুল মুনতাকিমের জন্ম তারিখ উল্লেখ করা হয় ১০ জুলাই ১৯৮১।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার শিকার হন তিনি। পরে ওই বক্তব্যের জন্য ভুল স্বীকার করেছেন তিনি। সংসদে দেওয়া বক্তব্য সংশোধনের জন্য ইতিমধ্যে তিনি স্পিকার বরাবর চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার (১৮ জুন) আব্দুল মুনতাকিমের বাবা মো. আব্দুল কাদের সৈয়দী গণমাধ্যমকে বলেন, ‘আমার ছেলে ভালো মানুষ। বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তার জন্য দোয়া করবেন।’
আব্দুল মুনতাকিমের বাড়ী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে।
গত রোববার (১৪ জুন) সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম জানান, মুক্তিযুদ্ধে তার পরিবারের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। তিনি বলেন, ‘আমার বাবা, আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা–চাচা) সাত ভাই, চারজন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আমি জুলাই যোদ্ধা।’
আব্দুল মুনতাকিমের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে সমালোচনা শুরু করেন। ফেসবুকে অনেকে দাবি করেন, ‘মুক্তিযুদ্ধে বাবা–দাদা শহীদ হওয়ার পরও তার জন্ম ১৯৮১ সালে হয় কীভাবে?
আব্দুল মুনতাকিম সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি সৈয়দপুরের আল–ফারুক একাডেমি নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন।
পিএনএস/এমএইউ
ভাইরাল এমপির বাবা বললেন ‘আমার ছেলে ভালো মানুষ’
19-06-2026 11:46AM

