একসঙ্গে গোসলে নেমে সমবয়সী দুই শিশুর মৃত্যু

  25-06-2026 01:12AM

পিএনএস ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে সমবয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। দুইজন একই সাথে গোসলে নেমে তারা পানিতে ডুবে মারা যায়।

বুধবার (২৪ জুন) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- তসলিমা আক্তার মিম (৯) ও রবিউল ইসলাম রফি (৯)। তাদের মধ্যে মৃত তসলিমা আক্তার ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং রবিউল ইসলাম জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলের দিকে শিশুদুটি একই সাথে তাদের বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে যুবে যায় এবং একসময় মৃত অবস্থায় ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট করেন। এ ঘটনায় এলাকায় শোক নেমেছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, একই সাথে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন