পিএনএস ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘ঘনিষ্ঠ’ সম্পর্ক গড়ে তোলার পর তা অস্বীকার এবং ভুক্তভোগীকে হুমকি দেওয়ার অভিযোগে মাগুরা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) এক নারীর দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রায়হান মাগুরা শহরের ভায়না এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শম্পা বিশ্বাসের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তান নিয়ে শহরের কলেজপাড়া এলাকায় বসবাস করছিলেন। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে রায়হানের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে রায়হান নিয়মিত তার বাসায় যাতায়াত শুরু করেন।
অভিযোগে বলা হয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে রায়হান ভুক্তভোগীর সঙ্গে দীর্ঘদিন ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। তবে সম্প্রতি বিয়ের বিষয়টি সামনে এলে তিনি নানা অজুহাতে তা এড়িয়ে যেতে থাকেন। সর্বশেষ গত ২৫ মে বিয়ের প্রসঙ্গ উত্থাপন করলে রায়হান তা অস্বীকার করেন এবং হুমকি দিয়ে বাসা থেকে বেরিয়ে যান।
ভুক্তভোগী অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে অভিযুক্তের পরিবারের সদস্যরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে রোববার (গতকাল) অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
এ বিষয়ে জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান বলেন, ঘটনাটি ব্যক্তিগত বিষয় হলেও অভিযোগটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে রায়হানকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে উপজেলা কৃষকদলের আহ্বায়ক পদে থাকা একজন নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় মাগুরার রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
পিএনএস/এমএইউ
বিয়ের প্রতিশ্রুতিতে ‘ঘনিষ্ঠ’ সম্পর্কের অভিযোগে কৃষকদল নেতা গ্রেপ্তার
29-06-2026 04:22PM

