সন্দ্বীপে টর্নেডোর তাণ্ডব

  09-07-2026 04:34PM

পিএনএস ডেস্ক: চট্টগ্রামের বঙ্গোপসাগর উপকূলীয় দ্বীপ উপজেলা সন্দ্বীপে আকস্মিক টর্নেডোর আঘাতে অন্তত ৩০টি দোকান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকায় টর্নেডোটি আঘাত হানে। মুহূর্তের মধ্যে প্রবল ঘূর্ণিবাতাসে দোকানপাট ও ঘরবাড়ির চালা-ছাউনি উড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ। তিনি জানান, টর্নেডোর আঘাতে একটি দোকান সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া অন্তত ২০ থেকে ২৫টি বসতঘরের চালা উড়ে গেছে এবং কয়েকটি ঘরে পানি ঢুকে পড়েছে। তার ভাষ্য অনুযায়ী, মোট প্রায় ৩০টি দোকান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্যে প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

এদিকে, একটি ইটভাটারও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার প্রায় এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রবল ঘূর্ণিবাতাসে দোকান ও ঘরবাড়ির বিভিন্ন অংশ উড়ে যাচ্ছে। এ সময় আশপাশের নারী ও শিশুরা আতঙ্কে চিৎকার করতে থাকেন।

স্থানীয়দের দাবি, দ্রুত সরকারি সহায়তা ও ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রস্তুত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো হোক।

পিএনএস/এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন