কাবাডি খেলা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

  11-07-2026 09:54AM

পিএনএস ডেস্ক: কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে জুয়েল (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বড়চরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত জুয়েল একই ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে লক্ষ্মীপুর বুধাইবাড়ি ও বড়চরা গ্রামের কয়েকজন তরুণের মধ্যে কাবাডি খেলা নিয়ে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হলেও দুই পক্ষের মধ্যে বিরোধের রেশ থেকে যায়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় জুয়েল ডিমবোঝাই একটি গাড়ি নিয়ে বড়চরা গ্রামের দিকে যাওয়ার সময় প্রতিপক্ষের কয়েকজন তার পথরোধ করে।

অভিযোগ রয়েছে, তারা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই মোহাম্মদ নয়ন বলেন, ‘খেলা নিয়ে দুই গ্রামের ছেলেদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আমার ভাই জুয়েলের ওপর হামলা চালানো হয়েছে।’

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন