পিএনএস ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মোহাম্মদ সায়েম (১৬) নামে এক কিশোরের মরদেহ করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার নতুন বাস্তপুর শামরার মাঠ এলাকায় মাছ ধরতে গেলে সে নিখোঁজ হয়। পরে প্রায় ৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সায়েম উপজেলার নতুন বাস্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্র জানায়, সায়েম তার ছোট চাচা জাকির হোসেনের সঙ্গে মাছ ধরতে যায়। এসময় মাঠ থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে সে জালসহ পানিতে ভেসে গিয়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খুলনা থেকে আসা ডুবুরি দল বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার অভিযানে যোগ দেয়। কয়েক ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যায় সায়েমের মরদেহ উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পিএনএস/রাআ
খালে মাছ ধরতে গিয়ে নিখোজ কিশোরের মরদেহ উদ্ধার
11-07-2026 10:32AM

