জালে উঠে এলো বোমা, মূল্যবান ভেবে বাড়িতে নিয়ে গেলেন জেলে

  16-07-2026 10:12AM


পিএনএস ডেস্ক: রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে মাছের পরিবর্তে উঠে আসে একটি বোমা। প্রথমে সেটিকে মূল্যবান কোনো লোহার বস্তু মনে করে বাড়িতে নিয়ে গেলেও পরে সন্দেহ হওয়ায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার রাওথা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জেলে সাইদার রহমান পদ্মা নদীতে মাছ ধরার সময় জাল তোলার পর একটি ভারী লোহার মতো বস্তু পান। মূল্যবান কিছু হতে পারে ধারণা করে সেটি বাড়িতে নিয়ে যান। পরে বস্তুটি পরিষ্কার করার সময় তার ছেলে সাব্বির রহমানের সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিরাপদে রাখে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে পরীক্ষা-নিরীক্ষার পর সেটি নিষ্ক্রিয় করেন।

জেলে সাইদার রহমান বলেন, জাল তোলার পর লোহার মতো একটি বস্তু পাই। প্রথমে ভেবেছিলাম মূল্যবান কিছু হবে। পরে ছেলের সন্দেহ হলে পুলিশকে খবর দিই। এরপর বোম্ব ডিসপোজাল টিম এসে সেটি নিষ্ক্রিয় করে।

চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণ করে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা এসে সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অচেনা বা সন্দেহজনক কোনো বস্তু পাওয়া গেলে তা স্পর্শ বা স্থানান্তর না করে দ্রুত পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন